মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) মক্কায় সৌদি যুবরাজ, তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে তিন দেশ ঘোষণা করেছে—তাদের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির মধ্যেই এ প্রতিরক্ষা চুক্তি সই হলো।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতার কাঠামোতে পৌঁছানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে একটি কাঠামোতে সমঝোতা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এ বিষয়ে যেকোনো সমঝোতা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুদ্ধের কারণে প্রণালিটি ঘিরে দীর্ঘদিন ধরে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। তিনি মন্তব্য করেন, তেহরান আর ‘বেশিদিন’ পরিস্থিতি চালিয়ে যেতে পারবে না।
এদিকে ইয়েমেনের পক্ষ থেকে একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হুথিদের হামলায় দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
সৌদি আরবও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা নাজরানে একটি হামলার জন্য হুথিরা দায়ী। ওই হামলায় অন্তত ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং বিভিন্ন পক্ষের সামরিক তৎপরতার মধ্যেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর