ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে নিচে চাপা পড়ে হয়রত আলী (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হয়রত আলীর বাড়ি রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জে। তিনি দুই সন্তানের জনক। জীবিকার তাগিদে অন্য শ্রমিকদের সঙ্গে ভাঙ্গায় নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চার থেকে পাঁচজন নির্মাণশ্রমিক ওই বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। শুক্রবার বিকেলে ভবনের দ্বিতীয় তলার ছাদের সাটারিং খোলার সময় হঠাৎ ভারী কাঠামোর একটি অংশ ধসে পড়ে। এতে হয়রত আলী সাটারিংয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এলেও ভারী সাটারিং সরানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর রাতের দিকে সাটারিংয়ের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভারী সাটারিং অপসারণ করে প্রায় চার ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর