• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:১২ দুপুর

রিজভীর বক্তব্য 'মিথ্যা', সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

ছবি: সংগৃহীত

সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। সেখানে রিজভীর বক্তব্যকে ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’ বলে দাবি করেন শাবনূর।

শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি। তার দাবি, একসময় রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। পরে আবার ভিন্ন বক্তব্য দিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতেও রিজভী একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং সালমানের মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেছেন বলে জানান এই অভিনেত্রী।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করে শাবনূর বলেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না। এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে দাবি রিজভী করেছেন, সেটিকেও সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। শাবনূরের ভাষ্য, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভীকে তিনি চিনতেনও না।

রিজভীর বিয়ের দাবিকে কটাক্ষ করে শাবনূর বলেন, তার সঙ্গে বিয়ের কথা শুনে মনে হচ্ছে বাস্তবে কোনো বিয়ে হয়নি, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও নাকচ করে দিয়েছেন শাবনূর। সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রিজভীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর। তার মতে, সালমান শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না; তিনি ছিলেন তার প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং সালমান কীভাবে মারা গেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। প্রিয় সহশিল্পীর অকালমৃত্যু আজও তাকে ব্যথিত করে বলেও জানান তিনি। পাশাপাশি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান শাবনূর।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]