বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। নতুন পোস্টার ও রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে।
সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত এই পিরিয়ডিক্যাল ড্রামার ফার্স্ট লুকে রণবীরকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। নীল রঙের ভিন্টেজ হুড-খোলা গাড়িতে বসে আছেন তিনি। শরীর রক্তাক্ত, পরনে হালকা রঙের পোলো টি-শার্ট, চোখে রোদচশমা এবং চুলে স্লিকড-ব্যাক স্টাইল।
সরু গোঁফ ও রক্তে ভেজা হাতের এই লুকের সঙ্গে স্টিয়ারিং শক্ত করে ধরে থাকা রণবীরের অভিব্যক্তি দর্শকদের নজর কেড়েছে। পোস্টারের ক্যাপশনেও চরিত্রটির আভিজাত্য, দাপট ও আবেগের ইঙ্গিত দেওয়া হয়েছে।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।
সিনেমাটিতে রণবীর কাপুর ও ভিকি কৌশল দুজনকেই গুরুত্বপূর্ণ বৈমানিকের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে আলিয়া ভাটের উপস্থিতি ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
তবে মুক্তির পথটা খুব একটা সহজ ছিল না সিনেমাটির জন্য। শুটিং পিছিয়ে যাওয়া, মুক্তির তারিখ পরিবর্তন এবং শুটিং সেটে দুর্ঘটনাসহ নানা কারণে একাধিকবার আলোচনায় এসেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’।
সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় সিনেমাটি নিয়ে অপেক্ষার অবসানের পথে এগোচ্ছেন রণবীর-আলিয়া-ভিকির ভক্তরা। এখন বড় পর্দায় এই বহুল আলোচিত সিনেমার চূড়ান্ত রূপ দেখার অপেক্ষা।
কুশল/সাএ
সর্বশেষ খবর