• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০১:৪২ দুপুর

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে বিমানটি সেখানে অবতরণ করে।

দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার দুপুরে বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে সেখানে পৌঁছায়।

পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামত করেন। এরপর বিমানটিকে পুনরায় পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে শনিবার রাতে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করে।

তবে দীর্ঘ সময় রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করতে হয়েছে। তাদের দাবি, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলে থাকার ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের জন্য একই ধরনের ব্যবস্থা করা হয়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]