পরীক্ষায় প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনে নেমেছেন হাজার হাজার জেন-জি শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) রাজধানী রাঁচিতে বিধানসভা অভিমুখে মিছিল করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গত ১৬ দিন ধরে আন্দোলন করছেন ঝাড়খণ্ডের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একের পর এক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তরুণদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে পড়ছে। আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকালে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে করে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। পরে তারা বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাঁচিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হয়। এমনকি শহরের বেশিরভাগ স্কুলও বন্ধ রাখা হয়। তবে এসব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিধানসভার দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়।
পুলিশের জলকামানের প্রবল পানির মধ্যেও আন্দোলনকারীদের কয়েকজনকে নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দৃশ্য সাম্প্রতিক নিট আন্দোলনের কিছু মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছে।
আন্দোলন শুরুর পর শিক্ষার্থীদের সঙ্গে রাজ্য সরকারের একাধিকবার আলোচনা হয়েছে। গত রোববার পর্যন্ত ছয় দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছিলেন, লাঠি বা বলপ্রয়োগ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত। রাজ্য সরকারের দাবি, আন্দোলনকারীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাবও দেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারীদের দাবি, তারা মোট ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। ফলে সরকারের প্রস্তাবে তারা সন্তুষ্ট নন।
আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে **সিবিআই তদন্ত** না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সাবেক জেপিএসসি চেয়ারম্যান গ্রেপ্তার
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি।
গত ২২ জুলাই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সোমবার শিক্ষার্থীদের বিধানসভা অভিযানের মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর সামনে আসে।
এদিকে দীর্ঘদিন ধরে অনশনে থাকা ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোও শিক্ষার্থীদের মিছিলে অংশ নেন। তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার এবং পুলিশের সঙ্গে সংঘাতে না জড়িয়ে বিকল্প ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আন্দোলনকে কেন্দ্র করে রাঁচিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে প্রশাসন। এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বড় জমায়েত ঠেকাতে রাঁচিতে প্রবেশের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কে বাস এবং ব্যক্তিগত যানবাহন চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া এই আন্দোলন এখন ঝাড়খণ্ডের অন্যতম বড় ছাত্রবিক্ষোভে পরিণত হয়েছে। সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও দাবি পূরণ নিয়ে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর