জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে একটি পদত্যাগপত্র পোস্ট করেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান।
সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও স্বৈরাচারী আ.লীগ সরকার বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কর্মী মেহেদী হাসান রিংকু তার পদত্যাগপত্রে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। ২০২২ সাল থেকে ছাত্রদলের একই কমিটির ইবনে হাসান সোমবার রাতে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু বলেন, আমি ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়ে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারণে আমি স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি।
২নং পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. পিয়াস সরকার দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুঃসময়ের প্রকৃত ত্যাগী কর্মীদের এভাবে অবমূল্যায়ন করা থেকে বেরিয়ে আসুন। আজকের এই দিন কিন্তু এমনি এমনি আসেনি। ছাত্রদলের এই কর্মীরাই বিএনপির দুর্দিনে নিঃস্বার্থভাবে বুক চিতিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তাই সুসময়ে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহযোদ্ধাদের প্রতি এই অবমূল্যায়ন যেন আগামীর বিএনপিতে প্রভাব না ফেলে, এই বিষয়টা মাথায় রেখে হলেও এদের আগলে রাখুন। সহযোদ্ধারা যেভাবে দল থেকে পদত্যাগ করছে, তা অত্যন্ত দুঃখজনক বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি আমরা উপজেলা ছাত্রদল কারো কোনো পদত্যাগপত্র হাতে পাইনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর