এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (১১ আগস্ট)। প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন।
এবার পরিবর্তিত পদ্ধতিতে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করবেন
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে প্রথমে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে এবং উভয় পত্রের ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে দুটি পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে।
যেভাবে ফি পরিশোধ করবেন
বিষয় নির্বাচন করার পর পরবর্তী ধাপে মোট ফি-এর পরিমাণ দেখানো হবে। এরপর বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত নিয়ম পুনঃনিরীক্ষণের অনলাইন পোর্টালেই পাওয়া যাবে। ফি পরিশোধ সম্পন্ন করার পর আবার আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
পরে নতুন বিষয় যুক্ত করা যাবে
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও চাইলে একই প্রক্রিয়ায় নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের তালিকায় যুক্ত করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ অপশনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো আবেদন থেকে বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের জন্য ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। পাশাপাশি কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতি অনুসরণ করেই পরীক্ষার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর