ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের প্রতিবাদও শুক্রবারের মিছিলের অন্যতম উদ্দেশ্য ছিল। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক স্থাপনা যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর পরদিন সেখানে জাতীয় পতাকা হাতে প্রবেশ করেছিলেন সৌরভ ও আশুতোষ। পরে তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার দীপকেকে আটক করার আগে দিল্লি পুলিশের সদস্যরা তার বাসায় গিয়ে মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) অনুমতিও নেওয়া হয়নি। এ অবস্থায় সিজেপি মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
মহাত্মা গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাকে সতর্ক করা হয়।
৩১ বছর বয়সী এই নেতাকে জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম সম্পর্কেও জানানো হয়।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের নোটিশ পড়ছেন দীপকে। কাচের টেবিলে রাখা কয়েকটি কাগজ পরীক্ষা করতে করতে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনলেন?’ এরপর তাকে নোটিশের বিভিন্ন অংশ পড়ে শোনাতে এবং পুলিশের বক্তব্যের জবাব দিতে দেখা যায়।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর