সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২০২৪ সালের ৫ আগস্টের কারাগার ভাংচুর মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (১২ই আগষ্ট) রাতে শ্যামনগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯), হাজতি নং- ২৫৩৫/২৪ এবং নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮), হাজতি নং- ৪২৫২/এ।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। জেল থেকে পালানোর পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটওয়ারীর নির্দেশনায় সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, এসআই খন্দকার আনোয়ার হোসেন, এসআই সনজীব, এএসআই হারুনার রশীদ, এএসআই নবী, এএসআই আবু জাফর ও পিএসআই সজীব অভিযানে অংশ নেন।
ওসি সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেল পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর