জ্বালানি তেলের উচ্চমূল্য ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে দেশে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি তেলের দাম ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে হাতে হারিকেন নিয়ে অংশ নেন এক নেতা। পরে সেই হারিকেনের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আসিফ মাহমুদ।
ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “দাম বেশি হওয়ায় তেল ছাড়া হারিকেন নিয়ে আসছে। অন করা গেলো না।”

তার এই মন্তব্য মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহে ঘাটতির বিষয়টিকে ব্যঙ্গ করে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে তেল সংকট নিয়েও সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন আসিফ মাহমুদ। গত মার্চে তিনি অভিযোগ করেন, সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছেন। তার দাবি ছিল, সাধারণত দেশে অন্তত দুই মাসের তেল মজুত থাকার কথা থাকলেও এক মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হওয়া প্রশ্ন তৈরি করে।
এদিকে, জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও নির্দিষ্ট সময়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
হারিকেনের ছবি ও আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক ক্যাপশনটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর