প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
আইনজীবী হাবিবুর রহমান নোটিশে দাবি করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক। বক্তব্যটি তাঁকে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের মন্তব্য করা জাতির প্রত্যাশার পরিপন্থী। এমন বক্তব্যের জন্য নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর