বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনটির সর্বস্তরে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও তাদের কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি, আগামী এক-দুই দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রগুলো বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও রাজপথের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্ভাব্য কমিটির তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তাঁর অনুমোদনের পরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
কেন্দ্রীয় কমিটির সঙ্গে জবি ছাত্রদলের কমিটি ঘোষণার সম্ভাবনার খবরে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন, তা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দলীয় ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জবি ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মাহামুদুল হাসান খান ও অনিক হাসান।
এছাড়া যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রবিউল আওয়াল ও রাশেদুল ইসলাম রাহাতের নামও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে দলীয় একাধিক সূত্রের দাবি, সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদে মোস্তাফিজুর রহমান রুমি ও মো. শাহরিয়ার হোসেন বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন। যদিও শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
দলীয় একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়—এই তিনটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি একই সময়ে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরপরই তিন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে দীর্ঘদিন ধরে জবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনা থাকলেও কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনাকে ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন এবং কার হাতে নেতৃত্ব যাচ্ছে—এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর