• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৬ রাত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবির ও ছাত্রশক্তির পদযাত্রা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।

রবিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সংগঠন দুটির উদ্যোগে ‘কেফিয়াহ মার্চ’ ও ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে ‘কেফিয়াহ মার্চ’ শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ প্রদক্ষিণ করে পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া ঘুরে ডাকসুর সামনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এসব নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ঢাকা শহরকে বিশ্বের মানুষের জন্য সংহতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।

আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষেরও মানবাধিকার রয়েছে। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিতেও তাঁরা প্রস্তুত। সমাপনী বক্তব্যে সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের মুক্তির আন্দোলন শুধু মুসলমানদের নয়, এটি বিশ্বমানবতার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন খান ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।

অন্যদিকে, একই দিনে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির উদ্যোগে টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি মল চত্বর ও কলাভবন হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী।

আবু বাকের মজুমদার বলেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গাজায় বাস্তুচ্যুত ও গৃহহীন মানুষ তীব্র শীতের মধ্যে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও শীতকালীন সহায়তা পৌঁছানোর পথও বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিনে চলমান আগ্রাসন ও হামলা বন্ধ, ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে সীমান্তপথ খুলে দেওয়া এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, কাশ্মীর থেকে ফিলিস্তিন, উইঘুর থেকে আরাকান এবং বেলুচিস্তান থেকে সেভেন সিস্টার্স—বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে জাতীয় ছাত্রশক্তি অবস্থান নেবে। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারত সরকারের ভূমিকার সমালোচনা করে কাশ্মীর ও মণিপুরসহ বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর নির্যাতন ও দমনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকিসহ পশ্চিমবঙ্গ বিজেপির এক নেতার বাংলাদেশবিরোধী বক্তব্যের নিন্দা জানায় সংগঠনটি। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি এলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]