• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৭ রাত

তরুণদের তামাকের ছোবল থেকে সুরক্ষা জন্য কাজ করছে সরকার: মাহ্দী আমিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান সহজলভ্যতা ও ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই ঝুঁকি নিরসনে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তরুণদের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ, সহশিক্ষা কার্যক্রমসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ শতাংশ। ভারতে এ হার ২৮ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯ দশমিক ১ শতাংশ। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন।

টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য উল্লেখ করে সম্মেলনে বলা হয়, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া আরও কয়েক লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। বিপরীতে তামাক ব্যবহারের কারণে মৃত্যু, স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের তুলনায় এর সামগ্রিক ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা বলেন, জনস্বাস্থ্যকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে এ বিষয়ে নীতিগত ভিত্তি তৈরি হয়েছে। তবে আইনটির বিধানগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দ্রুত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা প্রয়োজন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন বলেন, দেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ তামাক ব্যবহার। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুসারে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

সম্মেলনে তরুণ প্রতিনিধিরা তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়ন এবং নতুন ধরনের তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া। এ ছাড়া শিশু-কিশোর ও তরুণদের কাছে তামাকজাত পণ্যের সহজপ্রাপ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা তামাক ও প্যাকেটবিহীন তামাকজাত পণ্যের বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও তামাকবিরোধী মাদার্স ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তামাকবিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলির সভাপতিত্বে সম্মেলনে তামাকবিরোধী ইয়ুথ ফোরাম, তামাকবিরোধী মায়েদের ফোরাম, তামাকবিরোধী শিক্ষক ফোরাম এবং তামাকবিরোধী নারী সাংবাদিক ফোরামের সদস্যরা অংশ নেন। সম্মেলন থেকে তাঁরা দ্রুত বিধিমালা প্রণয়ন এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]