স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতার বাইরে সাধারণ ভোক্তাদের জন্য খোলাবাজারে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে পণ্য সরবরাহ করে সাধারণ মানুষের স্বস্তি বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
শনিবার (১৫ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
তিনি জানান, বর্তমান সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে তিন থেকে চার মাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ থেকে আমদানি করা ২০ হাজার টন ভোজ্যতেলের প্রথম চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
টিসিবি চেয়ারম্যান বলেন, নতুন এ কার্যক্রমে সরকারের কোনো ভর্তুকি থাকবে না। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য সংগ্রহ করে সীমিত মুনাফায় সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। এতে প্রচলিত বাজারদরের তুলনায় প্রতি ইউনিট পণ্য প্রায় ১০ থেকে ১২ টাকা কম দামে বিক্রি করা সম্ভব হতে পারে।
তিনি বলেন, বর্তমানে ভোজ্যতেলের দাম তুলনামূলক বেশি থাকায় এই পণ্য দিয়েই কার্যক্রমটি শুরু করা হচ্ছে। পরবর্তী সময়ে ডাল ও চিনি কম দামে সংগ্রহ করা সম্ভব হলে সেগুলোকেও খোলাবাজারে বিক্রির তালিকায় যুক্ত করা হবে।
ফয়সল আজাদ আরও বলেন, এটি টিসিবির চলমান ভর্তুকিমূল্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিকল্প নয়। বরং সাধারণ মানুষের জন্য এটি হবে একটি অতিরিক্ত সেবা। স্মার্ট ফ্যামিলি কার্ড না থাকলেও যে কেউ খোলাবাজারের এ কার্যক্রম থেকে পণ্য কিনতে পারবেন।
প্রথম চালানের বিক্রয় কার্যক্রম ও বাজার প্রতিক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ উদ্যোগের পরিধি এবং পণ্যের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
টিসিবি চেয়ারম্যান বলেন, চলতি বাজেটে বরাদ্দ থাকা অর্থের মধ্যেই পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালনা করা হবে। খোলাবাজারে টিসিবির এ ধরনের প্রতিযোগিতামূলক উপস্থিতি সামগ্রিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বাসস
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর