দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এ ধরনের সংকটময় পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি।
এ অবস্থায় দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর