যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কিছু দোসর ড. ইউনূসকে যে কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন, তা অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।
বিবৃতিতে ডা. তাহের বলেন, বিশ্বে সম্মানিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার মধ্য দিয়ে দেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত ও খাটো করা হয়েছে।
তিনি বলেন, বিশ্বদরবারে দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় আচরণ কোনোভাবেই সমীচীন নয়।
জামায়াতের নায়েবে আমির আরও অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ড বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সফররত দেশপ্রেমিক নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।
বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর