মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
অনন্যার মৃত্যুর খবর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে পরিবার। বিবৃতিতে জানানো হয়, এক বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক ও মানসিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তবে কঠিন পরিস্থিতিতেও সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করে যাচ্ছিলেন তিনি।
পরিবার অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি এই শোকের সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি সংগীতচিত্রেও অভিনয় করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রে কাজ করে পরিচিতি পান অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকাশিত ভিডিওতেও তাঁকে দেখা গেছে।
হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।
এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সেখানে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা যায় তাঁকে।
অল্প বয়সে অনন্যা রাজের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনয়জগতের সংশ্লিষ্টরাও।
কুশল/সাএ
সর্বশেষ খবর