মাত্র ৩৬ বছর বয়সেই থেমে গেল হলিউড অভিনেত্রী ও গায়িকা হেডেন প্যানেটিয়ারের জীবনযাত্রা। ‘হিরোজ’ ও ‘ন্যাশভিল’–এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই মার্কিন তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
রবিবার (১৬ আগস্ট) তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার ও প্রতিনিধিরা।
হেডেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে। প্রাথমিক তদন্তে সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শিশুশিল্পী হিসেবে মাত্র ১১ মাস বয়সে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে পথচলা শুরু করেছিলেন হেডেন। এরপর ধীরে ধীরে টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। ২০০০ সালের ‘রিমেম্বার দ্য টাইটানস’ সিনেমায় অভিনয় করে তিনি নজর কাড়েন। তবে আন্তর্জাতিক তারকা হিসেবে তার বড় পরিচিতি আসে জনপ্রিয় টিভি সিরিজ ‘হিরোজ’-এর মাধ্যমে। সেখানে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন।
এরপর ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসা পান হেডেন। এই চরিত্রের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব মনোনয়নও অর্জন করেছিলেন। ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’-এ কিরবি রিড চরিত্রেও তাকে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও ছিল তার দক্ষতা। ‘ন্যাশভিল’ সিরিজে নিজের কণ্ঠে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। ভিডিও গেম ‘আনটিল ডন’-এও কণ্ঠ ও অভিনয়ের মাধ্যমে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দেন।
তবে আলো ঝলমলে ক্যারিয়ারের আড়ালে হেডেনের ব্যক্তিজীবন ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। মা হওয়ার পর প্রসব-পরবর্তী বিষণ্ণতা ও আসক্তির সঙ্গে তার লড়াইয়ের কথা তিনি নিজেই প্রকাশ্যে বলেছিলেন। ২০২৬ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’-এ নিজের শৈশব, মাতৃত্ব, মানসিক সংগ্রাম এবং জীবনের কঠিন সময়গুলোর কথা খোলামেলা তুলে ধরেন।
২০২৩ সালে ছোট ভাই ও অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ারের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। জ্যানসেনের বয়স হয়েছিল ২৮ বছর। তার মৃত্যুর পরও হেডেন নিজের জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
হেডেনের রেখে যাওয়া স্মৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ তার ১১ বছর বয়সী মেয়ে কায়া। সাবেক বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে তার এই সন্তান।
তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও হলিউডের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। পুরোনো স্মৃতি ও ছবি শেয়ার করে প্রিয় এই অভিনেত্রীকে স্মরণ করছেন অনেকে। মাত্র ৩৬ বছর বয়সে হেডেনের বিদায় তাই শুধু একটি তারকার মৃত্যু নয়, হলিউডের এক প্রতিভাবান শিল্পীর অসমাপ্ত গল্পেরও সমাপ্তি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর