পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল মেথ’ (আইস) জব্দ করা হয়েছে। খাগড়াছড়িতে এটিই প্রথম ক্রিস্টাল মেথ উদ্ধারের ঘটনা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী পথ দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের একটি বড় চালানের খবর পেয়ে সোমবার গভীর রাতে সক্রিয় অবস্থান নেয় বিজিবির যামিনীপাড়া জোনের একটি চৌকস দল। তারা উপজেলার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে জরুরি মোবাইল চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাতে শুরু করে।
রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে আসা দুই আরোহীসংবলিত একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে বিজিবি টহল দল থামার নির্দেশ দেয়। সশস্ত্র পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রথমে মোটরবাইকের গতি কমায় এবং হঠাৎ ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা কালবিলম্ব না করে তাদের ধাওয়া করলে একপর্যায়ে দুষ্কৃতকারীরা দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মোটরসাইকেলটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত মোটরসাইকেলটি থেকে ১টি পিস্তল, প্রয়োজনীয় গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। বিজিবি নিশ্চিত করেছে, উদ্ধার করা এই আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, 'পার্বত্য এই অঞ্চলে এটিই প্রথম ক্রিস্টাল মেথ জব্দের ঘটনা। সীমান্তপথে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের দমনে এ ধরনের জোরালো অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।'
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর