দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই অ্যাকশনধর্মী এই ছবি নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই সিনেমার অন্যতম অভিনেত্রী নয়নতারা-কে ঘিরে ছড়িয়ে পড়া একটি ছবি নতুন করে তৈরি করেছে চাঞ্চল্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে নয়নতারাকে ন্যাড়া মাথায় দেখা যায়। দাবি করা হয়, যশের ‘টক্সিক’-এর সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
তবে অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার খবরটি সত্য নয়। ভাইরাল ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

জানা গেছে, গত এপ্রিল মাসে স্বামী পরিচালক বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। ওই সময় সাদা পোশাক ও সবুজ ওড়না পরা অভিনেত্রীর একটি পুরোনো ছবিকে সম্পাদনা করেই ন্যাড়া মাথার ছবি তৈরি করা হয়েছে। পরে সেটিই ‘টক্সিক’-এর প্রচারণা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এদিকে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশকে দেখা যাবে অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার চরিত্রে।
ছবিতে যশের সঙ্গে রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। হুমা কুরেশিকে দেখা যাবে ‘এলিজাবেথ’ চরিত্রে। অন্যদিকে ‘মেলিসা’ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত।
নির্মাতারা ইতোমধ্যে যশের চরিত্রের ভয়ংকর লুক ও অ্যাকশন দৃশ্যের ঝলক প্রকাশ করেছেন। ফলে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এখন অপেক্ষা, বড় পর্দায় ‘টক্সিক’ সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর