নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি'র (আরএফইডি) সদস্য ও সাবেক সভাপতি সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আরএফইডি-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা সাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। এতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান আরএফইডি-এর নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে তিনি ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাইদুর রহমান বলেন, নতুন দায়িত্বে থেকেও আরএফইডি-এর সদস্যদের পাশে থাকার চেষ্টা করবেন। সদস্যদের বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরএফইডি-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল বলেন, সাইদুর রহমান সংগঠনের সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নতুন দায়িত্ব সংগঠনের সদস্যদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি সাইদুর রহমানের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, সাইদুর রহমানের এই অর্জনে আরএফইডি-এর সদস্যরা আনন্দিত ও গর্বিত। নয়া দিল্লিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
বক্তারা সাইদুর রহমানের নতুন দায়িত্বে সফলতা ও পেশাগত সমৃদ্ধি কামনা করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর