রাজবাড়ীর পাংশায় রাবেয়া বেগম (২৬) নামে এক নারীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামাল মন্ডল (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে পাংশা উপজেলার স্বর্ণগড়া এলাকার আনসার মাস্টারের মেহগনি বাগানের ভেতর রাবেয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার চোখে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষির আঘাতের চিহ্ন ছিল। বাম চোখের ওপরের অংশ ফুলে যায় এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল। নাক দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল এবং ডান কান কাটা ও রক্তাক্ত জখম ছিল।
এ ঘটনায় নিহত রাবেয়ার বোন রহিমা বেগম (৪৯) বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। মামলাটি ২০ আগস্ট পাংশা থানার মামলা নম্বর-৯ এবং জিআর নম্বর-১৬৩ হিসেবে ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় ১ নম্বর আসামি জামাল মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের কাওছার মন্ডলের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহত ওই নারীর সাথে গ্রেপ্তার আসামির প্রেমের সম্পর্ক ছিল। হত্যার কারণ জানা যায়নি। পরে গ্রেপ্তার জামাল মন্ডলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর