শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় বিতর্কচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
কর্মশালায় শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, বক্তব্য প্রদানের কৌশল, সমসাময়িক বিষয় নিয়ে মত প্রকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার এবং আবু আজাদ ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।
বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা তরুণদের মেধা ও মননশীলতা বিকাশে কার্যকর অবদান রাখবে।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিতর্কের মৌলিক কৌশল, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সাবলীলভাবে বক্তব্য উপস্থাপনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। আয়োজকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতেও সহায়ক হবে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবাদ ও গঠনমূলক মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর