• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:৪৯ দুপুর

প্রথমবার এমফিল-পিএইচডিতে ভর্তির সুযোগ দিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পূর্ণকালীন ও খণ্ডকালীন এসব প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

রবিবার (২৩ আগস্ট) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আদ-দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে এমফিল ও পিএইচডিতে শিক্ষার্থী নেওয়া হবে।

এমফিলে ভর্তির যোগ্যতা

এমফিলে আবেদনের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (স্নাতক) অনার্স, ফাজিল (স্নাতক) পাস বা সমমান এবং কামিল (স্নাতকোত্তর) বা সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। বিকল্প হিসেবে জিপিএ-৫ স্কেলে ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ থাকতে হবে।

এ ছাড়া দাখিল বা সমমান এবং আলিম বা সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সমতা বিধান কমিটির মাধ্যমে সনদের সমতা নির্ধারণ করতে হবে।

এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর। প্রথম পর্বে কোর্সওয়ার্ক এবং দ্বিতীয় পর্বে থিসিস সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার বিষয়, সময় ও স্থান পরে জানানো হবে।

এমফিলে ১৫ জনকে ফেলোশিপ

প্রতি শিক্ষাবর্ষে প্রথম পর্বের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী ১৫ জনকে ফেলোশিপ বা বৃত্তি দেওয়া হবে। তবে গবেষকের সংখ্যা বিবেচনায় এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালে পূর্ণ ছুটিতে থাকতে হবে। চাকরিজীবীদের পূর্ণকালীন এমফিলে ভর্তির ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা ছাড়া অন্য প্রতিষ্ঠানে কর্মরতদের কমপক্ষে এক বছরের ছুটি নিয়ে প্রোগ্রামে যোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গবেষণা ও সুপারভাইজার

এমফিলের গবেষণার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সুপারভাইজার বা কো-সুপারভাইজার হিসেবে মনোনীত করা হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী সহকারী অধ্যাপকরাও এ দায়িত্ব পালন করতে পারবেন।

গবেষকের সঙ্গে রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বা নিকটাত্মীয়তা রয়েছে—এমন কেউ সুপারভাইজার, কো-সুপারভাইজার বা পরীক্ষক হতে পারবেন না।

এমফিলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সিলেবাস অনুযায়ী ৩০০ নম্বরের তিনটি তাত্ত্বিক কোর্স ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। কোর্সওয়ার্কের ফল প্রকাশের পর প্রতি ছয় মাস অন্তর সুপারভাইজারের সুপারিশসহ গবেষণার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

থিসিস জমা দেওয়ার অন্তত তিন মাস আগে গবেষককে সুপারভাইজার বা কো-সুপারভাইজার, উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটি এবং মনোনীত বিষয়বিশেষজ্ঞদের সামনে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করতে হবে।

পিএইচডিতে ভর্তির যোগ্যতা

পিএইচডিতে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে এমফিল ছাড়াও সরাসরি পিএইচডিতে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসা বা সমমান প্রতিষ্ঠানে ফাজিল বা কামিল পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এ সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ বা শ্রেণি, সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ বা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে।

এ ছাড়া স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি পিএইচডিতে আবেদন করা যাবে। এ ক্ষেত্রেও শিক্ষাজীবনের ফলাফল ও অন্তত দুটি স্বীকৃত প্রকাশনার শর্ত প্রযোজ্য।

পিএইচডি প্রার্থীদের ফাজিল ও কামিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। ফাজিল ও কামিল উভয় পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর, জিপিএ-৫ স্কেলে ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

এমফিল বা সমমানের ডিগ্রি ছাড়া পিএইচডিতে আবেদনকারীদের গবেষণাপদ্ধতি বিষয়ে ১০০ নম্বরের কোর্স পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

পিএইচডির মেয়াদ ও ফেলোশিপ

পিএইচডিতেও প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার বিষয়, সময় ও স্থান পরে জানানো হবে।

পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামের মেয়াদ চার বছর এবং খণ্ডকালীন প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর। তবে চার বছর পরও থিসিস জমা দেওয়ার সুযোগ থাকবে।

প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে ১০ জনকে ফেলোশিপ দেওয়া হবে। গবেষকের সংখ্যা বিবেচনায় এই সংখ্যা পরিবর্তন হতে পারে। ফেলোশিপের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে।

ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালে পূর্ণ ছুটিতে থাকতে হবে। অন্য প্রতিষ্ঠানে কর্মরতদের কমপক্ষে এক বছরের ছুটি নিয়ে পূর্ণকালীন পিএইচডিতে যোগ দিতে হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমফিলধারী শিক্ষক-কর্মকর্তা বা এমফিল থেকে পিএইচডিতে রূপান্তরিত গবেষকদের ছুটি নেওয়া বাধ্যতামূলক নয়। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। খণ্ডকালীন পিএইচডির ক্ষেত্রে ছুটি বাধ্যতামূলক নয়, তবে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

পিএইচডির গবেষণা কার্যক্রম

পিএইচডি রেজিস্ট্রেশনের পর প্রতি ছয় মাস অন্তর সুপারভাইজারের সুপারিশসহ গবেষণার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

ভর্তির ছয় মাসের মধ্যে গবেষণার শিরোনাম, উদ্দেশ্য, পদ্ধতি এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ বিষয়ে গবেষণা প্রস্তাবনা সেমিনার বা প্রেজেন্টেশনে উপস্থাপন করতে হবে। গবেষণাকালীন আরও একটি এবং থিসিস জমা দেওয়ার চার মাস আগে গবেষণার ফলাফল নিয়ে আরেকটি সেমিনার করতে হবে।

আবেদন যেভাবে

এমফিল ও পিএইচডি—উভয় প্রোগ্রামের প্রাথমিক আবেদন ফি ৩ হাজার টাকা। আবেদনকারীদের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পে-স্লিপ ডাউনলোড করে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দিতে হবে।

পে-স্লিপ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Payment ছাত্রসেবা অপশনে গিয়ে Service Type হিসেবে MPhil/PhD Application Fee নির্বাচন করতে হবে। এরপর EIIN No ঘরে 138247, Student Name ঘরে পূর্ণ নাম, Roll/Reg. No ঘরে মোবাইল নম্বর এবং Session ঘরে 2026-27 লিখে তথ্য সংরক্ষণ করতে হবে।

তথ্য সংরক্ষণ হলে লাল রঙে Transaction ID দেখা যাবে। এরপর Download Payslip অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে।

নির্ধারিত ফরমে আবেদন করে পে-স্লিপের মূল রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বছিলা, মোহাম্মদপুরের অস্থায়ী কার্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে ভর্তি বিজ্ঞপ্তির শর্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। অনিবার্য কারণে ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন হলে আবেদনকারীদের এসএমএস বা ফোনে জানানো হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]