মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন সমঝোতার প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে এ প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তাবটিকে ‘মিডল গ্রাউন্ড প্রোপোজাল’ বা মধ্যপন্থী সমঝোতার প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের দাবির পুরোপুরি সমাধান না হলেও উভয় পক্ষের কিছু দাবি পূরণের সুযোগ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তার পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। অন্যদিকে ইরানের দাবি, বিদেশে জব্দ করে রাখা দেশটির অর্থ ছাড় করতে হবে। নতুন প্রস্তাবে দুই পক্ষের দাবির আংশিক সমাধানের পথ খোঁজা হয়েছে।
দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইরানের কাছে প্রস্তাবটি তুলে দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রস্তাবে ইরানকে গোপনে এবং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। বিনিময়ে কাতারে জব্দ থাকা যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলারের অর্থের সুদ ইরানকে দেওয়ার প্রস্তাব রয়েছে।
এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে আলোচনার কথা থাকলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সেই উদ্যোগ ভেস্তে যায়।
এদিকে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজে হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তবে নতুন প্রস্তাব নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর