গিনির রাজধানী কোনাক্রিতে একটি বড় বর্জ্য ফেলার স্থানে ময়লার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারী বৃষ্টির পর সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে রাজধানীর দার-এস-সালাম এলাকায় ময়লার বিশাল স্তূপটি ধসে পড়ে। পরে সেটি আশপাশের কয়েকটি বাড়ির ওপর গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। জীবিতদের সন্ধানে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে গিনির সরকার।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে খননযন্ত্র ব্যবহার করে ছড়িয়ে পড়া ময়লার স্তূপের নিচে চাপা পড়াদের সন্ধান করছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থলের আশপাশে জড়ো হতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান নিহত হয়েছে।
এর আগে স্থানীয় এলাকার নেতা ল্যানসিনে সিল্লা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ এবং পরিস্থিতি মূল্যায়ন করেন।
ভারী বৃষ্টির পর বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর