দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ এবং সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের জন্য গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
নতুন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মীর শাহে আলমকে সংশ্লিষ্টরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কৃষকের স্বার্থ রক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। এর সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম হলে সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন ব্যয় এবং ফসল উৎপাদনে। এ কারণে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে গঠিত নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর