দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা নির্ধারিত জেলাগুলোর সার্বিক প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে পরামর্শ দেবেন।
দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ (রাজশাহী ও নাটোর), ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়), আব্দুল আউয়াল মিন্টু (লক্ষ্মীপুর), নিতাই রায় চৌধুরী (চুয়াডাঙ্গা), খন্দকার আবদুল মুক্তাদির (হবিগঞ্জ), আরিফুল হক চৌধুরী (মৌলভীবাজার), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (চট্টগ্রাম), এম রশিদুজ্জামান মিল্লাত (শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা), আসাদুল হাবিব দুলু (ঠাকুরগাঁও ও দিনাজপুর), মো. আসাদুজ্জামান (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) এবং জাকারিয়া তাহের (ফেনী ও নোয়াখালী)।
এছাড়া আরও দায়িত্ব পেয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, সাচিং প্রু, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, আব্দুল বারী, সুলতান সালাউদ্দিন টুকু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মীর শাহে আলম, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, মোহাম্মদ শামীম কায়সার, আলহাজ মো. জি কে গউস, মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন এবং সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন।
একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তদারকিতেও তারা ভূমিকা রাখবেন।
প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি সভায় অংশ নিতে এবং সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও পরামর্শ দিতে পারবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর