• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ দুপুর

বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে আজ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হওয়ার পর এবার মূল আসরের প্রস্তুতিতে মনোযোগ দিতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে চারটি দ্বিপক্ষীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসী টাইগাররা। তবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। এবার সেই রেকর্ড বদলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দল।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চারটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের সুবাদে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থেকে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ফলে এখন বিশ্বকাপের আগে দলের সমন্বয়, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং চাপের মুখে খেলার সক্ষমতা যাচাই করার সুযোগ পাচ্ছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।

এখন পর্যন্ত ছয়টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে মাত্র একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা। এ ছাড়া ২০১৮ সালের নিদহাস ট্রফির ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল দলকে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাফল্য কম হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, এ ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা তুলনামূলক কম থাকায় বাড়তি চাপ তৈরি হয়। তাঁর মতে, তিনটি দলেরই ফাইনালে ওঠার লক্ষ্য থাকায় প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়ে যায়। পাশাপাশি পয়েন্ট ও রানরেটের হিসাবও দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে।

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয়, কোনো কারণ নেই। আমরা খুব কম ত্রিদেশীয় সিরিজ খেলি। আমি অনেক দিন ধরে খেললেও ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা খুব কম। আমরা বড় বড় টুর্নামেন্ট—এশিয়া কাপ, বিশ্বকাপ—এসবে খেলি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ সেভাবে খেলা হয় না। ত্রিদেশীয় সিরিজে বাড়তি একটা চাপ থাকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা এখন ভালো ক্রিকেট খেলছে। গত কয়েকটি সিরিজে ভালো খেলেছি। ম্যাচুরিটিও ভালো আছে। আশা করছি, আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’

এদিকে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে চান বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত। আবুধাবিতে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়াই দলের প্রথম লক্ষ্য। তবে সে জন্য আগে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে।

মোসাদ্দেক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটি জিততে পারলে বিশ্বকাপ, এশিয়া কাপে অনেক আত্মবিশ্বাস পাব। অবশ্যই, সর্বপ্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এর আগে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। দুটি ম্যাচই আমাদের জিততে হবে।’

২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের স্মৃতিও এবার দলকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি। মোসাদ্দেকের আশা, এবারের প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখাতে পারলে দল হিসেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক লিটন দাস, সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শারজাহতে।

বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্য যাচাই এবং শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ত্রিদেশীয় সিরিজে এবার অতীতের হতাশা কাটিয়ে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]