যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ফৌজদারি মামলার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের এক বিশেষ সতর্কবার্তায় এ বিষয়ে ভ্রমণপ্রত্যাশীদের সতর্ক করা হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার আশঙ্কাও থাকতে পারে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সেটিও তাঁদের নজরে আসতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুমোদিত সময়সীমা অতিক্রম করাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অবস্থানের পরিকল্পনা থাকলে ভিসা ও অভিবাসনসংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর