• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন (৫৭)। হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।

মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টার দিকে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সোনাকানিয়া গ্রামে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন। নিহতের স্বামী আব্দুল মতিন ব্যবসা করেন। তাঁদের একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে।

নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, চোখের চিকিৎসার জন্য রনজিলা পারভীন ও তাঁর স্বামী আব্দুল মতিন গতকাল রাত ১২টার বাসে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। আজ ভোরে ঢাকায় পৌঁছে তাঁরা রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিলা পারভীনের হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম জানান, তাঁর বোনের মরদেহ নিতে আত্মীয়স্বজন ঢাকায় গেছেন। ময়নাতদন্তের পর তাঁদের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিলা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারি মাসে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। পরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]