উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন আরোহী নিয়ে একটি ফেরি উল্টে অন্তত একজন নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে ছেড়ে যাওয়ার কয়েক কিলোমিটার পর ফেরিটি ডুবে যেতে শুরু করে।
তুর্কি সাইপ্রিয়ট পরিবহনমন্ত্রী এরহান আরিকলির বরাত দিয়ে আনাদোলু ও আল জাজিরা জানিয়েছে, ফেরিটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
তুর্কি সাইপ্রিয়ট প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৬৭ জন আরোহী ছিলেন। উদ্ধারকারীরা প্রায় ১০০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
আরিকলি জানান, আহতদের উদ্ধার করে গিরনে বন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তাদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর তৎপরতা শুরু করে উদ্ধারকারী দল। আশপাশে থাকা কয়েকটি নৌযানও উদ্ধারকাজে অংশ নেয়। তুর্কি টেলিভিশনে প্রচারিত ছবিতে ফেরিটিকে পানিতে উল্টে থাকা অবস্থায় দেখা যায়। কয়েকজন যাত্রীকে লাইফ জ্যাকেট পরে ফেরিটির কমলা রঙের কাঠামোর ওপর অবস্থান করতে দেখা গেছে।
তুর্কি সাইপ্রিয়ট স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া যায়।
দুর্ঘটনার সময় আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ফেরিটি উল্টে গেল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর