• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:৪৮ রাত

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

ছবি: সংগৃহীত

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে কয়েকজন যুবককে পুলিশের সামনেই জাকিয়া সুলতানাকে মারধর করতে দেখা যায়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্পে’ শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কাজ করতেন। কর্মরত অবস্থায় জাকিয়া সুলতানার সঙ্গে তার বিরোধ তৈরি হলে বৃষ্টি চাকরি ছেড়ে দেন। পরে তিনি একই কাপড় বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করেন।

ব্যবসায়ীদের দাবি, চাকরি ছেড়ে বৃষ্টির একই বাজারে ব্যবসা শুরু করার বিষয়টি জাকিয়া সুলতানা মেনে নিতে পারেননি। এ নিয়ে তিনি কাপড় বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলের কাছে বৃষ্টির দোকান বন্ধ করে দেওয়ার দাবি জানান। তবে আজিজ মন্ডল এতে সম্মতি না দেওয়ায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটিকে হামলা ও হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান জাকিয়া সুলতানা। এরই ধারাবাহিকতায় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে জাকিয়া সুলতানা কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এ সময় মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাকে ধাওয়া করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

পরে কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে জাকিয়া সুলতানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। সেখানে তারা জাকিয়া সুলতানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

কাপড় বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বাজারে দোকান নেওয়ার পর থেকেই বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে জাকিয়া সুলতানার বিরোধ তৈরি হয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও করেন তারা।

তাদের দাবি, শাহানা পারভীন বৃষ্টিকেও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং অনৈতিক কাজে বাধ্য করা হতো। এসব কারণে বৃষ্টি চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেন বলে দাবি করেন ব্যবসায়ীরা। এরপর থেকেই তার দোকান বন্ধ করার জন্য জাকিয়া সুলতানা বিভিন্নভাবে চাপ দিয়ে আসছেন বলেও অভিযোগ তাদের।

তবে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকিয়া সুলতানা। তিনি বলেন, সম্প্রতি তার প্রতিষ্ঠানের কর্মচারী বৃষ্টি দোকানের হিসাব না দিয়ে অন্য দোকানে চলে যান। এ বিষয়ে তিনি রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]