নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী আরপি পরিবহন বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরেছে ১৪ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে বাসচালকসহ বিভিন্ন বয়সী যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আট বছর বয়সী এক শিশুও।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া আটজন ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাসচালক সোহেল রানা, রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ বাসিন্দা। পটুয়াখালীর মির্জাগঞ্জের আট বছর বয়সী শিশু তানজিলার মৃত্যুর খবরও পাওয়া গেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরিফুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
সাজু/নিএ
সর্বশেষ খবর