• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০১:৩২ দুপুর

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী

ছবি: সংগৃহীত

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ইসলাম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রীর বক্তব্যকে হিন্দুধর্মের অবমাননা হিসেবে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। দলটির দাবি, মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে রায়ারেড্ডিকে। তা না হলে তাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে।

কোপ্পল জেলার কুকনূর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়।

এরপরই বিতর্কিত মন্তব্যটি করেন মন্ত্রী। তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারাই এ ধর্ম নিয়ে ভুল ধারণা ও ভুল মতামত পোষণ করেন। তার দাবি, ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’, কারণ এই ধর্মের সূচনাই মানবতা দিয়ে।

রায়ারেড্ডি আরও বলেন, কোরআন নিয়ে তিনি খুব বেশি পড়াশোনা করেননি এবং আব্রাহামিক ধর্মগুলো নিয়েও তার গভীর জ্ঞান নেই। একই সঙ্গে তিনি জানান, নিয়মিত মন্দির বা মঠে যাওয়ার অভ্যাসও তার নেই। তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে তিনি পড়াশোনা করেন এবং সে কারণেই আব্রাহামিক ধর্মগুলোর প্রতিও তার আগ্রহ রয়েছে।

মন্ত্রীর এই বক্তব্যের পরেই সরব হয় বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এ বিষয়ে জবাবদিহি দাবি করেন। তার অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্মকে ছোট করেছে।

এক্সে দেওয়া এক পোস্টে অশোক শিবকুমারের নিয়মিত মন্দির দর্শনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, কংগ্রেস সরকারের ‘হিন্দুবিরোধী মানসিকতার’ শেষ কোথায়। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে মন্দিরে গিয়ে ভক্তি প্রদর্শন করলেও নিজের মন্ত্রিসভার সদস্য হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর নীরব রয়েছেন।

অশোক বলেন, রায়ারেড্ডিকে অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর প্রতিশ্রুতি দিতে হবে।

বিজেপি নেতার অভিযোগ, শিবকুমারের মন্দির দর্শন যদি সত্যিকারের ধর্মীয় বিশ্বাস থেকে হয়ে থাকে, তাহলে তার মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় এসব কর্মকাণ্ডকে শুধুই ভোটের রাজনীতি ও লোকদেখানো হিসেবে দেখবে মানুষ—এমনই দাবি করেন তিনি।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও রায়ারেড্ডির সমালোচনা করেন। তার অভিযোগ, ভোটারদের খুশি করতেই মন্ত্রী এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ে প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানো উচিত এবং কোনো একটি ধর্ম সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করার আগে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি।

উল্লেখ্য, রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন।

রায়ারেড্ডির এই মন্তব্যের বিতর্ক এমন এক সময়ে সামনে এল, যখন দুর্নীতির অভিযোগ ঘিরে বিজেপির চাপের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগের মাত্র দুই দিন পরই কংগ্রেস সরকারের আরেক মন্ত্রীকে ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]