সৌদি আরবের মক্কায় হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে নবম শতকের একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি। জাদুঘরে রাখা ঐতিহাসিক নিদর্শনটি কোরআন লিপিবদ্ধ ও পাণ্ডুলিপি তৈরির প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রদর্শিত পাণ্ডুলিপিটির একটি পৃষ্ঠায় সূরা মারইয়ামের কিছু অংশ লেখা রয়েছে। পার্চমেন্টে লাল কালিতে লেখা এই পাণ্ডুলিপিটি হিজরি তৃতীয় শতকের, যা খ্রিষ্টীয় নবম শতকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পাণ্ডুলিপিটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে স্বরচিহ্ন ও হরফের ওপর-নিচের বিন্দু ব্যবহার করা হয়নি। প্রাথমিক যুগের কোরআনি লেখার ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। ফলে নিদর্শনটি কোরআনের প্রাচীন লিখনপদ্ধতি ও এর ক্রমবিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়।
জাদুঘরে পাণ্ডুলিপিটি প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কোরআন লিপিবদ্ধ করার পদ্ধতি এবং কোরআনি লেখার বিবর্তন সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ এই পবিত্র কোরআন জাদুঘর। এখানে কোরআনের ইতিহাস ও বিভিন্ন শাস্ত্রের পাশাপাশি এর লিখন, সংরক্ষণ ও সংকলনের বিভিন্ন ধাপ তুলে ধরা হয়েছে।
আধুনিক প্রদর্শনী হল এবং ইন্টার্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য কোরআনের ইতিহাস ও পাণ্ডুলিপি-ঐতিহ্য সম্পর্কে শিক্ষামূলক অভিজ্ঞতার ব্যবস্থা করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর