ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার মানোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, পিপরি থানার আওতাধীন মানোরি পাওয়ার হাউসের কাছে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। তাদের বয়স ৪ থেকে ১৩ বছরের মধ্যে। নিহত অন্যদের বয়স ৩২ থেকে ৪০ বছরের মধ্যে। কর্মকর্তারা জানান, নিহত সবাই কারখানাটির আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটির পাশাপাশি আশপাশের স্থাপনাগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারখানার পাশের পাঁচ থেকে ছয়টি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ও ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলে এক ডজনের বেশি ফায়ার টেন্ডার, প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স এবং বিমানবাহিনীর ৫০ জনের বেশি সদস্য মোতায়েন করা হয়।
বিস্ফোরণের কারণে দিল্লি-হাওড়া রেললাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ঘটনাস্থলের কাছে পৌঁছে যাওয়া আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মানোরি স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে ঘটনাস্থলের আগের স্টেশন সৈয়দ সরাওয়ানে থামিয়ে রাখা হয়।
বিস্ফোরণে এলাকার একটি উচ্চক্ষমতার বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন।
উদ্ধারকাজে ধ্বংসস্তূপ সরাতে ১০টি বুলডোজার ব্যবহার করা হচ্ছে। পুলিশ ও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখছেন। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মানোরি বিমানবাহিনী ঘাঁটি অবস্থিত।
এদিকে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর