ভারতের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, রাতের খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় শুয়েছিলেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ ওই অবস্থায় দেখতে পায়।
তিনি আরও জানান, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্সকর্মী, ফরেনসিক বিশেষজ্ঞ ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে বিভিন্ন বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুশল/সাএ
সর্বশেষ খবর