ইরানের সঙ্গে এক মাসের মধ্যে প্রথম বড় ধরনের সংঘর্ষের পর দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেছেন, ‘আমরা তাদের কঠোরভাবে আঘাত করতে যাচ্ছি।’
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা পূর্বাঞ্চলীয় হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।
ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখনো নিরাপদ রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের আর্থিক ব্যবস্থা, সামরিক সক্ষমতা ও নেতৃত্বের বড় অংশই দুর্বল হয়ে পড়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানকে ‘আঘাত করে দেখবে না কী ঘটে’।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত এবং কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক আহত হন। ওই হামলার প্রতিক্রিয়াতেই জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলা চালায় বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এক মাসের বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের সরাসরি সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক তৎপরতা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি ও নৌপরিবহন ব্যবস্থায়ও উদ্বেগ তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর