• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ দুপুর

মেসি অবসরের পর রোনালদোকেই সর্বকালের সেরা দাবি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ফুটবল বিশ্বের দীর্ঘদিনের বিতর্ক—মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কে সর্বকালের সেরা (GOAT)? ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের দাবি, মেসির অবসরের মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনালদোই স্পষ্টভাবে সেরা।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুই তারকার জাতীয় দলের গোলসংখ্যা তুলনা করেন মরগান। তার যুক্তি, আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা মেসির চেয়ে বেশি হওয়াই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করার জন্য যথেষ্ট।

মরগান লিখেছেন, আর্জেন্টিনার হয়ে মেসি ১২৫ গোল করেছেন, যা তাকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে। অন্যদিকে পর্তুগালের হয়ে রোনালদো করেছেন ১৪৬ গোল—আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

এই পরিসংখ্যান তুলে ধরে মরগান বলেন, ইতিহাসের সেরা খেলোয়াড় কে—এ বিতর্কের এখানেই সমাপ্তি।

মেসি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা নিয়ে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জিতেছেন তিনি। অন্যদিকে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় দলীয় সাফল্য ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়।

প্রায় ১৫ বছর ধরে মেসি ও রোনালদোকে ঘিরে ফুটবল বিশ্বে ‘GOAT’ বিতর্ক চলে আসছে। ব্যক্তিগত পুরস্কার, গোলসংখ্যা, ক্লাব সাফল্য ও আন্তর্জাতিক অর্জন—বিভিন্ন মানদণ্ডে দুই তারকার তুলনা করে থাকেন সমর্থক ও বিশ্লেষকরা। তবে মেসির আন্তর্জাতিক অবসরের পর মরগান এবার রোনালদোর পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মেসি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে হারের দুই দিন পর নিয়েছিলেন বলে জানান। তবে বাবার অসুস্থতার কারণে সে সময় সিদ্ধান্তটি প্রকাশ করেননি তিনি। গত ৮ আগস্ট তার বাবা মারা যাওয়ার পর অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান আর্জেন্টাইন তারকা।

নিজের অবসরের ঘোষণা দিতে গিয়ে মেসি বলেন, সিদ্ধান্তটি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে এখন তিনি মনে করছেন, সময় এসেছে আর্জেন্টিনার জার্সির অধ্যায় শেষ করার। জাতীয় দলের হয়ে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দেশের মানুষকে আনন্দ ও গর্বিত করার জন্য মাঠে সবকিছু উজাড় করে দিয়েছেন বলেও জানান।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পর আবারও তীব্র হয়েছে ‘মেসি নাকি রোনালদো’ বিতর্ক। আর পিয়ার্স মরগানের মতে, আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৪৬ গোলের রেকর্ডই তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে এগিয়ে রাখার জন্য যথেষ্ট।

সূত্র- এনডিটিভি

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]