বরগুনায় অভিনব কায়দায় চিপসের প্যাকেটে ইয়াবা পাচারের সময় ১ হাজার পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ইব্রাহিম খলিল ওরফে ‘কবুতর ইব্রাহিম’ (৩৫) বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ১লা সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়। ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইব্রাহিমকে শনাক্ত করা হয়।
তল্লাশিকালে তার ব্যাগে থাকা চিপসের প্যাকেট অস্বাভাবিক ভারী মনে হলে সন্দেহ হয়। পরে প্যাকেট খুলে ভেতর থেকে ৫টি ছোট প্যাকেটে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, ঢাকা থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রির পরিকল্পনা ছিল তার।
বরগুনা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, ইব্রাহিম দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর