শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যহাতির পাল ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে তছনছ করে ফেলেছে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা এলাকায় এই তান্ডব চালায়।
সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ১৫/২০ টির বন্যহাতির একটি দল বারোমারী মিশন ও আন্ধারুপাড়া এলাকার খলচান্দা কোচপল্লী যাওয়া সড়কের পাশে রোপিত আমন ফসলের মাঠে খাবারের সন্ধানে নেমে আসে। এ সময় হাতির পাল কৃষক সমর আলীর ১ একর, ফোরকান আলীর ১ একর ৩০ শতাংশ, উমর আলী ৫৫ শতাংশ, ইমান আলীর ৫৫ শতাংশ ও শিষ্টন কোচের ১০ শতাংশ জমিতে তান্ডব চালিয়ে চলতি আমন ফসলের উঠতি ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে তছনছ করে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় আমন ধানের ক্ষেত।
ক্ষতিগ্রস্থ কৃষক ইমান আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যা রাতেই বন্যহাতির পাল আমাদের ধান ক্ষেতে হানা দেয়। ওই সময় আমরা কেউ ফসলের ক্ষেতে বন্যহাতির আক্রমণের কথা জানতাম না। যে কারনে ফসল রক্ষা করতে পারিনি। আমাদের উঠতি আমন ধানের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে এই ফসলের ক্ষতিপূরণ দাবি করছি।
তিনি আরো জানান, গত কয়েক দিন ধরেই বন্যহাতির পাল নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানিসহ পাহাড়ি এলাকায় উঠতি আমন ফসলের মাঠে খাবারের সন্ধানে হানা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছে।
এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় জিডি করার পর বনবিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তদন্ত সাপেক্ষে তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক কৃষক তাদের ক্ষতিপূরণ পেয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর