অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় থাকা অবস্থায় জমির দলিলে সই বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে বসে আছেন এক বৃদ্ধ। এ সময় তার কাছ থেকে জমি-সংক্রান্ত একটি কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন এক নারী, যাকে বৃদ্ধের মেয়ে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে বৃদ্ধকে বেশ দুর্বল অবস্থায় দেখা যায়।
ভিডিও ধারণকারী নারী ওই বৃদ্ধের মেয়েকে হাসপাতালে জমির দলিল নিয়ে আসার বিষয়ে বারবার প্রশ্ন করেন। একপর্যায়ে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলছেন ওই নারী- ভিডিওতে এমন কথোপকথনও শোনা যায়।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, একজন অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তির কাছ থেকে সম্পত্তি-সংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেটিজেনদের একাংশের মতে, পরিবারের কোনো সদস্য অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকলে তার সম্পত্তি-সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা, সম্মতি ও যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনায় পারিবারিক বিরোধের পাশাপাশি আইনগত জটিলতাও তৈরি হতে পারে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মূল উৎস, ঘটনাস্থল, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং দলিলে কী ধরনের সম্পত্তি হস্তান্তরের কথা ছিল—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর