বগুড়ার শেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি এবার দূর হতে চলেছে। অবশেষে আধুনিক যোগাযোগের আওতায় আসছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এডিবি (ADB) প্রকল্পের অর্থায়নে প্রফেসর আলম হাউস থেকে তোহা হাউস পর্যন্ত ৩৩৫ মিটার দীর্ঘ সড়কটির আরসিসি (RCC) ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সড়কটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ২৩ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু এবং সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ। প্রকৌশল বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক ও উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম। এছাড়া কাজটি বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস আর ট্রেডার্স’-এর প্রতিনিধি আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তারা জানান, টেকসই সড়ক যোগাযোগের অংশ হিসেবেই সাধারণ পিচঢালাইয়ের বদলে আরসিসি ঢালাই বেছে নেওয়া হয়েছে। এতে সড়কটি দীর্ঘস্থায়ী হবে এবং বর্ষা মৌসুমে পানি জমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না। সড়কটির কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠ নাগরিক জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টির দিনে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। আরসিসি সড়ক নির্মাণের মাধ্যমে এই ওয়ার্ডের যোগাযোগব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের যাতায়াতকষ্ট চিরতরে ঘুচবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর