রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে এক নারী উদ্যোক্তার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বাজার পরিদর্শন করেছে।
বুধবার দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা বড় বাজারের ‘কাপড় বাজার’ এলাকা পরিদর্শন করেন।
এ সময় তারা বাজার কমিটির নেতা এবং ঘটনার দিন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক।
তদন্ত কমিটির সভাপতি মো. সাইফুজ্জামান ফারুকী বলেন, কয়েকদিন আগে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পেছনের কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করতে কমিটি কাজ করছে।
ঘটনার সময় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি-না, সেটিও তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কেন হামলার ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে মার্কেট ও প্রধান সড়কের দূরত্বসহ বিভিন্ন বিষয়ও বিশ্লেষণ করা হবে।
তিনি আরও বলেন, যেসব ফেইসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো শনাক্তে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে জমা দেওয়া হবে।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর