দুর্নীতির মামলায় সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হকের নামে থাকা ১৮টি জমি এবং দুটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে পরিচালিত ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহার আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে মো. মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ও যোগসাজশের মাধ্যমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তের সময় রেকর্ডপত্র পর্যালোচনায় দুদক জানতে পারে, আসামির নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা হতে পারে। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পদ বিক্রি বা সরিয়ে ফেলা হলে রাষ্ট্রের স্বার্থে অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষাপটে সম্পদ সংরক্ষণ এবং তদন্তের স্বার্থে কুমিল্লার বিভিন্ন মৌজা ও দাগ নম্বরে থাকা ১৮টি জমি, দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর