বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়িও বহরের সঙ্গে ছিল।
গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে এলে তাকে রক্ষা করতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।
দুর্ঘটনার পর আহত ফিরোজা বেগমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, সড়ক পার হওয়ার সময় ওই নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের ধানখেতে পড়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনায় আহত ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর