পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি ও শৌলা গ্রামের ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী খালে স্লুইস গেট ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। এতে কয়েকশ কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। তাদের দাবি, জমিতে যখন পানি দরকার হয়, তখন পানি পাওয়া যায় না, আবার প্রয়োজন না থাকলে অতিরিক্ত পানিতে জমি ডুবে ফসল নষ্ট হয়। এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, খালে স্লুইস গেট না থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জমিতে পানির প্রয়োজন না থাকলেও খালে পানি বেড়ে কৃষিজমি প্লাবিত হয়। এতে রবিশস্যসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় কৃষক শাহিন মাতব্বর জানান, এ এলাকায় প্রায় ১০০০ থেকে ১৫০০ কৃষক ১০০-১৫০ একর জমিতে রবিশস্য চাষ করেন। কিন্তু পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারছেন না, ফলে প্রতিবছর তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। তিনি আরও বলেন, খালের ওপর ব্রিজ না থাকায় কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, ধান ভাঙার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ও কৃষিপণ্য আনা-নেওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়।
স্থানীয় বেল্লাল চৌকিদার বলেন, যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি উঠে রবিশস্য নষ্ট করে দেয়, আবার যখন পানির প্রয়োজন হয়, তখন পানি পাওয়া যায় না। এখানে একটি স্লুইস গেট নির্মাণ করা হলে পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর ব্রিজ হলে কৃষিপণ্য ও কৃষি উপকরণ সহজে আনা-নেওয়া করা যাবে।
কৃষকরা জানান, স্লুইস গেট ও ব্রিজ নির্মাণ করা হলে একদিকে যেমন জলাবদ্ধতা ও অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে কৃষিপণ্য দ্রুত ও সহজে বাজারজাত করা যাবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকরা আরও বেশি জমিতে চাষাবাদে উৎসাহিত হবেন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ও এলাকাবাসী দ্রুত খালে স্লুইস গেট ও ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর